ডেস্ক রিপোর্ট
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ব্রিটেনের সর্বজন শ্রদ্ধেয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতা দবিরুল ইসলাম চৌধুরী ওবিই, যিনি সবার কাছে ‘দবির চাচা’ নামে পরিচিত, আর নেই। আজ ভোররাত ১টা ২০ মিনিটে লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর।

দবিরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে ব্রিটেনসহ বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোক। মানবিকতা, দানশীলতা ও সমাজসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন।

করোনাভাইরাস মহামারির সময় রমজান মাসে যুক্তরাজ্যে লকডাউন চলাকালে দবির চাচা মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। শতাধিক বছর বয়স নিয়েও তিনি পায়ে হেঁটে তহবিল সংগ্রহে নেমে পড়েন এবং করোনাভাইরাস সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য প্রায় সাড়ে চার লক্ষ পাউন্ড অর্থ সংগ্রহ করেন। তাঁর এই উদ্যোগ বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে এবং মানবিক সাহসিকতার প্রতীক হিসেবে প্রশংসিত হয়।

এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটেনের রানী তাঁকে ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (ওবিই) সম্মানে ভূষিত করেন, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল গর্বের এক ঐতিহাসিক মুহূর্ত।

দবিরুল ইসলাম চৌধুরী ১৯২০ সালের ১ জানুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই থানার কুলঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে ১৯৫৭ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। এরপর থেকে তিনি সেখানেই স্থায়ীভাবে বসবাস করে সমাজসেবা ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন।

তাঁর মৃত্যুতে সমাজ হারাল এক মহান মানবতাবাদীকে, যিনি নিঃস্বার্থ ভালোবাসা ও সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন—আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *