
ষ্টাফ রিপোর্টার
ভুরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
শ্রমিক মালিক ঐক্য গড়ি,সোনার বাংলা গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে ভুরুঙ্গামারী উপজেলা নির্মাণ শ্রমিক সমবায় সমিতির আয়োজনে দিবসটি পালনে বিভিন্ন কর্মসুচি গ্রহন করে।
সমিতির প্রায় ২শতাধিক শ্রমিকদের নিয়ে সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়,র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমিতির কার্যালয়ে মোঃ হায়দার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ মজনু মিয়া,পাথরডুবি ইউনিয়ন অফিসের জামাল উদ্দিন ও ধলডাঙ্গা অফিসের নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে নির্মাণ শ্রমিকদের জন্য মাসিক সম্মানী,বিনা মুল্যে চিকিৎসা ,ন্যায্য মুল্যে রেশনিং প্রদান,বাসস্থানের ব্যবস্থা সহ ন্যুনতম মজুরী নির্ধারন সহ বয়স্ক শ্রমিকদের ভাতা প্রদানের দাবী জানান। সমিতির সভাপতি আরো বলেন দেশের উন্নয়নে শ্রমিকদের ভুমিকা গুরুত্বপুর্ন হলেও শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকারী সুবিধা থেকে তারা বঞ্চিত। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবী বাস্তবায়নে সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহনের দাবী করেন। পরে অন্যান্য বছরের ন্যায় মেসার্স গফুর এন্ড সন্স এর বরাদ্দকৃত ফ্রি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং প্রায় ৪০ জন নির্মান শ্রমিকদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন সমিতির সভাপতি মোঃ হায়দার আলী।এছাড়া উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসুচি গ্রহন করে।
