ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক কেনার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের বাংলাদেশি জাল নোট জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) রাত ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার সংলগ্ন ভারতীয় সীমান্তগামী কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন, পাথরডুবি ইউনিয়নের কানিবাড়ি-মইদাম এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আনোয়ার মিয়া (পিতা: কুদ্দুস মিয়া)।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন চিহ্নিত মাদক কারবারী বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে দেশে এনে বিক্রি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে আনোয়ার মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তের কাঁটাতার সংলগ্ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে বাংলাদেশে এনে বিক্রি করতেন। আটক হওয়ার সময় তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে জাল নোট নিজের জিম্মায় রাখাসহ প্রযোজ্য ধারায় দণ্ডবিধি, ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্ত এলাকার মাদক ও চোরাকারবারিরা অধিক মুনাফার আশায় প্রায়ই বাংলাদেশি জাল নোট ব্যবহার করে থাকে। তাই সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষকে অর্থ লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও জাল নোটের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
