লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে শান্তি সমাবেশকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় দোকানপাঠ ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ব্যবসায়ীবৃন্দ। রোববার বেলা ১১টা থেকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার এলাকায় ঢাকা – বুড়িমারী মহা সড়ক অবরোধ করে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। এসময় রাস্তার দু’পাশে কয়েকশত যান বাহন আটকা পড়ে। পরে দুপুর ২টার সময় লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান এসে আন্দোলনরত দোকান মালিকদের ক্ষতিপূরণ ও বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।
উল্লখ্য, শনিবার (১১ফ্রেব্রুয়ারী) দশদফা দাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের সকল ইউনিয়নে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে জেলা বিএনপি। পাশাপাশি বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশের ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামীগ। এরই অংশ হিসেবে বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই বুড়ির বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব আহত হন। অপর দিকে বিএনপির অভিযোগ আওয়ামীগের নেতা কর্মীরা মহেন্দ্রনগর ইউনিয়নের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিদ মন্ডলের বাড়ী ভাংচুরসহ ১০টির অধিক মোটরসাইকেল ভাংচুর করে । এতে উভয় দলের প্রায় ১৫ জন নেতা কর্মী আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা নেন। পরে শনিবার সন্ধ্যায় আওয়ামীগের নেতাকর্মীদের মহেন্দ্রনগর বাজারে শান্তি সমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীরা বুড়ির বাজারে অবস্থিত আওয়ামী সমর্থকদের দোকান ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠে। এদিকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। পরে লালমনিরহাট জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে পরিবেশ শান্ত করে।
এসময় পুলিশ সুপার জানান বড় ধরনের সংঘর্ষ এড়াতে ও পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে।
