ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটির সোনাহাট প্রাচীণ শ্যামা কালী মন্দিরে অন্যান্য বছরের ন্যায় আগামী ২০ অক্টোবর ২০২৫ ইং (২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার) রাত্রিব্যাপী দীপাবলী উৎসব ও শ্রীশ্রী শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হবে। পৌরাণিক তথ্যানুসারে দেবাদিদেব মহাদেব দেবী মহামায়ার শবদেহ নিয়ে হিমালয়ের পথে যাওয়ার সময় এ স্থানেই দেবী মহামায়ার সোনার অলংকার পতিত হয়েছিল। সেই থেকেই এলাকার নাম হয় সোনাহাট। পরবর্তীকালে এটি এশিয়ার অন্যতম সোনার বাণিজ্যকেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করে এবং সোনাহাট বন্দর গড়ে ওঠে। তৎকালীন এক মারওয়ারি ব্যবসায়ী স্বপ্নাদিষ্ট হয়ে সোনাহাট প্রাচীণ শ্যামা কালী মন্দির প্রতিষ্ঠা করেন। ১৯৪৭ সালে বৃটিশ শাসনের অবসানের পর সোনাহাট বন্দর পরিত্যক্ত ঘোষণা হলে মাড়োয়ারি সম্প্রদায় ভারতে চলে গেলেও মন্দিরের পুরোহিত বংশধরেরা আজও নিয়মিতভাবে পূজা-অর্চনা করে আসছেন। এ বছরও মন্দিরের পুরোহিত শ্রী সুবল চন্দ্র মণ্ডল বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ সেনাবাহিনী ও র‌্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পূজা অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। পূজা উপলক্ষে সন্ধ্যায় দীপাবলী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। দেবীর পূজা শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ শেষে পূজার সমাপ্তি ঘোষণা করা হবে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *