এ, কে, এম হাসানুজ্জামান – এশিয়ান বাংলা নিউজ

নাম বললেই ফোনে রিচার্জ পাঠান অন্ধ মিজান। রৌমারীতে অন্ধ মিজানুর রহমানকে চেনেন না এমন মানুষ কমই আছে।

জন্ম থেকে অন্ধ হলেও মিজানের রয়েছে বিস্ময়কর স্মরণ শক্তি। কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রত্যন্ত টাঙ্গারিপাড়া গ্রামে মিজানুরের জন্ম। বর্তমানে মিজানুরের বয়স ২৮ বছর। বাবার নাম মনতাজ আলী, মায়ের নাম মোমেনা খাতুন। দুই ভাই বোনের মধ্যে তিনি ছোট।

জীবন যুদ্ধে হার না মেনে প্রবল আত্মবিশ্বাসকে সঙ্গী করে সংসারের হাল ধরেছেন তিনি। উপজেলার টাপুরচর বাজারে মোবাইলে টাকা রিচার্জ, বিকাশ ও নগদে টাকা আদান প্রদান সহ ছোট্ট ইলেকট্রনিক্স এর দোকান করেন তিনি। মোবাইল নম্বর না বলে ব্যক্তির নাম বললেও মুহূর্তেই চলে যায় রিচার্জ মোবাইলে । এলাকার প্রায় আট হাজারেরও অধিক ফোন নাম্বার তার মুখস্ত।

জানা যায় – গত বুধবার রাতে পরিবারের সম্মতিক্রমে বহুল আলোচিত মিজান নিজ গ্রামের মোঃ হারুনুর রশিদের কন্যা হাসিনুর খাতুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

মিজানুর রহমান জানান – বিয়েতে সার্বিক সহযোগিতা করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি । উপজেলা নির্বাহী অফিসার সহ অনেকেই সহযোগিতা করতে চেয়েছেন।
তিনি আরো জানান – আমার মামার দর্জির দোকানের এককোণে আমি দোকান করি, জেলা প্রশাসক কুড়িগ্রাম মহোদয় আমাকে এই বাজারে একটি দোকান করে দিতে চেয়েছেন। দোকানটি করে দিলে আমার দুঃখ অনেকখানি কমে যাবে।

উল্লেখ্য – ২০২০ সালের দিকে জাতীয় পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে অন্ধ মিজানকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে তিনি সবার নজরে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন