মাসুদুল হাসান মাসুদ, ভূঞাপুর (টাংগাইল) প্রতিনিধি:
ভূঞাপুরে সাংবাদিকের মা’সহ এক সপ্তাহে ৩ হত্যাকান্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
টাঙ্গাইলের ভূঞাপুরে দিন দিন চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিং, হত্যাসহ নানা বেড়েই চলছে অপরাধমূলক কর্মকান্ডের ঘটনা। সেইসাথে আরও ভয়ংকর রুপ নিয়েছে কিশোর গ্যাং এবং মাদক সেবন ও বিক্রয়কারীর সংখ্যা। এসব অপরাধমূলক কর্মকান্ডরোধে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
জানা গেছে, গত বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ উপজেলায় এক সাংবাদিকের মা’সহ ৩ জনকে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম সরকার নামে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রা।
গত ১৪ সেপ্টেম্বর মধ্যে রাতে পশ্চিম ভূঞাপুর এলাকার নিজ বাড়ি থেকে সুলতানা সুরাইয়া (৬৫) নামে এক বৃদ্ধা নারীর গলিত লাশ উদ্ধার করা হয়। তিনি ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা।
গত শুক্রবার ১৫ সেপ্টেম্বর রাতে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি গ্রামের গণেশ মোড় এলাকায় জহুরুল ইসলামের পাঁচ তলার বাসার তিন তলায় একটি ভাড়া বাসায় বক্স খাটের ভেতর থেকে জান্নাতুল ফেরদৌস মুনিয়া (৩১) নামে এক প্রবাস ফেরত স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, গত মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা ঘোনাপাড়া মইশা বিল থেকে জয়নাল আবেদীন (৫৫) নামে এক সিএনজি চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপরদিকে, অপহরণের ২ দিন পর ১৯ সেপ্টেম্বর ভোরে ছাব্বিশা কবরস্থানের পাশ থেকে হাত-পা বাঁধা ও অজ্ঞান অবস্থায় মো. শাহ্ আলম সরকার (৪৭) নামে আওয়ামী লীগের এক নেতাকে কবরস্থানের পাশ থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
এসব অপরাধমূলক কর্মকান্ডের বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য সুনাগরিক (সুজনের) ভূঞাপুর উপজেলা সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন বলেন, “সম্প্রতি ভূঞাপুরে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে। সাধারণ মানুষ উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিয়ে দিনপার করছে। এসব হত্যাকান্ডের নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করছি।”
এ প্রসঙ্গে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, “এক সপ্তাহে এক সাংবাদিকের মা’সহ ৩ হত্যাকান্ডের ঘটনায় জড়িত সকল আসামিকে ইতিমধ্যে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভাল।”
