নিজস্ব প্রতিনিধি:
সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে কর্মরত দৈনিক জবাবদিহি পত্রিকার বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলুকে প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিক জুলু বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।
বিগত বেশ কিছু সময় ধরে রাজশাহীতে ছিনতাই প্রবণতা ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বেড়েছে। মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের তান্ডবের ফলে মহানগর বাসিন্দাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতিনিয়তই ছিনতাইকারীদের খপ্পরে পড়তে হচ্ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ছিনতাইকারীদের ছোবল ও কিশোর গ্যাং সদস্যদের সন্ত্রাসের শিকার হয়ে অনেকেই আহত হয়েছে। জীবন গেছে দুজন শিক্ষার্থীর। চলমান পরিস্থিতি নিয়ে সিনিয়র সাংবাদিক দৈনিক জবাবদিহি ‘র বিশেষ প্রতিনিধি জুলু ধারাবাহিক প্রতিবেদন করে আসছেন। মহানগরীর গুড়িপাড়া, কোর্ট বুলনপুর, ডাবতলা, সিএন্ডবি মোড়, তেরোখাদিয়া, খুলিপাড়া, তালাইমারি, বায়ার মোড়, অলকার মোড়, নিউমার্কেট, ইত্যাদি এলাকার মাথাচাড়া দিয়ে ওঠা কিশোর গ্যাং ও ছিনতাইকারী গ্রুপ নিয়ে দৈনিক জবাবদিহি তে সংবাদ প্রকাশ হয়েছে। জনগণের মধ্যে এইসব চক্রের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করনে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে নিয়মিত সংবাদ প্রকাশ করেছেন তিনি।
গত ২২/১০/২০২৩ ইং তারিখে দৈনিক জবাবদিহি পত্রিকায় রাজশাহী মহানগরীর দুধর্ষ ছিনতাইকারী ও মাদকব্যবসায়ী প্রান্ত ও দীপ্ত ও তাদের গ্যাং নিয়ে একটি প্রতিবেদন করলে ঐ চক্রটি’র আতে ঘাঁ লাগে। এতে তারা ক্ষিপ্ত হয়ে সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলুকে মুঠোফোনে প্রাণ নাশের হুমকি দেয়। হুমকিদাতারা হলেন ছিনতাই সম্রাট প্রান্ত, দীপ্ত ও অজ্ঞাতনামা কয়েকজন।
ছিনতাইকারী এই গ্রুপটি উক্ত সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করারও হুমকি দেয়। একটি সুত্র নিশ্চিত করেছে ইতোমধ্যে প্রান্ত ও দীপ্ত তাদের দলবল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শহরজুড়ে সিনিয়র সাংবাদিক মো: নজরুল ইসলাম জুলুকে খুঁজছেন। তারা সাংবাদিক নজরুল ইসলাম জুলু’র ছেলেদেরও মারধরের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে টহল দেয়।
জানতে চাইলে সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু বলেন, অন্যায়ের প্রতিবাদ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশসহ সমাজের নানা অনিয়ম দুর্নীতি তুলে সংবাদ প্রকাশ করি। এই সংবাদ প্রকাশের জেরে আমিসহ আমার পরিবার ছিনতাইকারী হুমকির মুখে পড়েছি। আমি ভীতু নই, তবে শংকিত যে আজ আমরা সমাজের কোন অবস্থানে বসে আছি। উক্ত ঘটনায় ২২ অক্টোবর রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় জিডি করেছি।
এদিকে সিনিয়র সাংবাদিক কে হুমকি প্রদানের ঘটনায় রাজশাহীর সাংবাদিক মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এটিএন বাংলা’র রাজশাহী ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক সুজা উদ্দীন ছোটন, এনটিভি রাজশাহী ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক স.ম সাজু, বাংলা ভিশনের রাজশাহী ব্যুরো পরিতোষ চৌধুরী আদিত্য, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মাইনুল ইসলাম জনি, মাই টিভি’র শাহরিয়ার অন্তু, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবর রহমানসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক এবং রাজনৈতিক সংগঠন।
উক্ত সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলুকে প্রান নাশের হুমকির ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছেন তাঁরা।
প্রান্ত, দীপ্ত ও তাদের গ্যাংয়ের যথাযথ শাস্তির দাবি জানিয়ে, তাঁরা বলেন সংবাদকর্মীদের কাজ ও দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা, সমাজে প্রচলিত অন্যায়, অরাজকতা, বিশৃংখলা, ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কলম হাতে তুলে নিয়ে লেখালেখি করা। তারই ধারাবাহিকতায় সিনিয়র সাংবাদিক মো: নজরুল ইসলাম জুলু অনেকদিন থেকে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কিশোর গ্যাং, মাদক ব্যবসা, ও ছিনতাইকারী গ্রুপের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে লিখছেন। আমরা তার এই কাজ কে সাধুবাদ জানায়। একজন সিনিয়র সাংবাদিক কে প্রান্ত ও দীপ্ত গ্যাংয়ের হুমকি প্রদান কে আমরা ধিক্কার জানাচ্ছি। তাদের শাস্তির দাবি জানিয়ে সাংবাদিক মহল বলেন, সংবাদ প্রকাশ করা আমাদের দায়িত্ব। আমাদের কাজের জন্য প্রায়ই আমাদেরকে বিভিন্ন মহলের হাতে হেনস্থা হতে হয়, আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
আমরা রাজশাহীর সকল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের সকল সাংবাদিক ও আমাদের পরিবারের নিরাপত্তার দাবি জানাচ্ছি। আমাদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা প্রশাসন কে করতে হবে। সেই সাথে প্রান্ত- দীপ্ত ও তাদের গ্যাং কে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। ছিনতাইকারী দীপ্ত গ্রেফতার হলেও প্রান্ত ও তার দলবল কে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
হুমকির বিষয়ে জানতে বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী বলেন, হুমকির বিষয়ে অবগত আছি। এবিষয়ে থানায় একটি জিডি হয়েছে৷ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *