হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রাজারহাটে এক মৃত অধ্যাপককে অধ্যক্ষ হিসেবে পদায়ন করায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে। মৃত অধ্যাপক জামাল উদ্দিন ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন। এর আগে তিনি কুড়িগ্রাম সরকারি কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। মৃত ব্যক্তিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত মঙ্গলবার (৮ এপ্রিল) প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপকের মধ্যে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে মো. জামাল উদ্দীনের নাম অন্তর্ভুক্ত করা হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরায় ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পরে শিক্ষা মন্ত্রণালয়।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন জানান, প্রয়াত অধ্যাপক জামাল উদ্দীন কুড়িগ্রাম সরকারি কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। প্রায় দু-বছর পূর্বে তিনি মৃত্যুবরণ করেন। তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন।

একজন মৃত ব্যক্তির নাম কীভাবে পদায়নের তালিকায় এলো তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোন আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *