ফারহানা আক্তার , জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে গানের লাইন বলার কারণে কয়েকজন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছেন নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির এক শিক্ষক। এ ঘটনায় প্রতিষ্ঠানের আরও কয়েকজন শিক্ষক ও পরিচালকের কর্মরত আত্মীয়রাও শিক্ষার্থীদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের তীর উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ওমর ফারুক ওরফে পি.কের দিকে। এছাড়া আবাসিক হলে শিক্ষার্থীদের নির্যাতনে অংশ নেন পরিচালক ও প্রধান শিক্ষক রবিউল ইসলামের কর্মরর্ত ঘনিষ্ঠ আত্মীয় আশিকুর, এমদাদ ও বাশার।

শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্তরা পরিচালকের নিকট আত্মীয় হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি প্রধান শিক্ষক রবিউল ইসলাম। আজ মারধরের পর পুলিশ গিয়ে পরিচালক ও প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে তিনি বাসায় ফিরে আসেন।

দশম শ্রেণির শিক্ষার্থী রেজাউন জান্নাত রাব্বি বলেন, সকালে শিক্ষক আসতে দেরি করায় আমি গান গাইছিলাম। হঠাৎ স্যার এসে আমাকে বেদম মারধর করেন।

একই শ্রেণির শিক্ষার্থী আল মোহনাদ সোয়াইব ও আনাম হাসান নবীন বলেন, স্যার ক্লাসে ঢুকে ‘হু আর ইউ’ বলেই আমাদের মারতে শুরু করেন। কেন মারা হলো তা আমরা জানি না। প্রতিষ্ঠানটি এখন আত্মীয় কোটায় চলে।

শিক্ষার্থী মোহাম্মদ সূর্য ও আতিকুর রহমান বলেন, এক বন্ধুর সঙ্গে কথাকাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে আমাদেরও পেটানো হয়েছে।

শিক্ষার্থী সোহান ফারদিস অভিযোগ করে বলেন, আমি বেতন কিছুটা কম দেয়। এজন্য স্যার আমাকে বের করে দেওয়ার হুমকি দিয়ে মারধর করেন।

শিক্ষার্থী সূর্যের দায়িত্বপ্রাপ্ত অভিভাবক রিভা পারভিন বলেন, খবর পেয়ে দ্রুত এসে দেখি বাচ্চাদের মারধর করা হয়েছে। প্রায়ই এভাবে নির্যাতন চলে। আমরা সঠিক তদন্ত ও বিচারের দাবি জানাই।

প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, ঘটনার পর একজন শিক্ষককে শোকজ করা হয়েছে। তবে আবাসিক হলে মারধরের অভিযোগ সঠিক নয়। শিক্ষার্থীদের শৃঙ্খলার জন্য চাপ প্রয়োগ করা হয়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, আজকের আঘাতকারীকে ঘটনাস্থলে গিয়ে না পাওয়ায় মোবাইল কোর্ট করা যায়নি। তবে প্রতিষ্ঠান প্রধান ওই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিবেন মর্মে লিখিত অঙ্গীকার করেছেন। তাছাড়া একটা তদন্ত কমিটিও গঠন করে দেয়া হয়েছে। প্রয়োজনে কমিটির সুপারিশে নিয়মিত মামলা করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *