লালমনিরহাট প্রতিনিধি :
সামাজিক যোগাযোগমাধ্যমে “লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল” শিরোনামে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও রাষ্ট্রবিরোধী গুজব বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সম্প্রতি কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। এই গোষ্ঠীগুলো সচেতনভাবে ভুয়া সংবাদ ও মন্তব্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি স্পষ্টভাবে জানায়, বাংলাদেশের সার্বভৌম ভূখণ্ডের সীমান্তের প্রতিটি ইঞ্চি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির সদস্যরা সর্বোচ্চ পেশাগত দক্ষতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছেন। কোনো অনুপ্রবেশ বা সীমান্ত লঙ্ঘনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ করেছে। একই সঙ্গে গুজব বা ভুয়া সংবাদ ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত রয়েছে। বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ।”
বিজিবি প্রত্যেক নাগরিককে দেশের স্বার্থ ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *