বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদা ও দাবি আদায়ের মধ্য দিয়ে আদিবাসী হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে কেন্দ্রীয় আদিবাসী যুব পরিষদ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে সাঁওতাল জাতিগোষ্ঠীর তিন আদিবাসীকে গুলি করে হত্যার বিচার, আদিবাসীদের ভূমি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় আদিবাসী যুব পরিষদের সভাপতি যাদু কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মুন্ডা কালিদাস রায়, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি নরেশ চন্দ্র উরাঁও, সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়া, কেন্দ্রীয় সদস্য বুদুরাম মাল পাহাড়িয়া, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী, বড়াইগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার দাস, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর সদর উপজেলা শাখার আহ্বায়ক বাবুল পাহান, বড়াইগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক মোহন বাগদী ও সদস্য দিপংকর এক্কা প্রমুখ।
বক্তারা বলেন, বাগদাফার্মে পুলিশের গুলিতে নিহত তিন আদিবাসী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। আদিবাসীদের ভূমি রক্ষা ও জীবনের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।
তারা আরও বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন ও আদিবাসী মন্ত্রণালয় গঠনের দাবিও আজ সময়ের দাবি।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্ম এলাকায় পুলিশের গুলিতে তিনজন সাঁওতাল আদিবাসী নিহত হন। এরপর থেকেই দিনটিকে ‘আদিবাসী হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিভিন্ন আদিবাসী সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন