কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের নীতিমালা পুনর্গঠন ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন কমিটিতে দিপ্ত টিভির জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক ইউনুস আলীকে আহ্বায়ক এবং মাই টিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রুবেলকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যদের সমন্বয়ে ফোরামের সাংগঠনিক কাঠামো নতুনভাবে সাজানো হয়েছে।
ফোরামের দায়িত্বপ্রাপ্ত সূত্র জানায়, নতুন আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সদস্য ভুক্তি, গঠনতন্ত্র সংশোধন এবং সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিক মহলে এ কমিটি গঠনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। জেলার টেলিভিশন সাংবাদিকদের উন্নয়ন, পেশাগত নিরাপত্তা ও নীতি-আদর্শ সমুন্নত রাখতে নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিকরা।
নতুন কমিটির আহ্বায়ক ইউনুস আলী বলেন, “ঐক্যবদ্ধভাবে কাজ করে কুড়িগ্রামের সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় আমরা কাজ করবো।”
কমিটির সদস্য সচিব আশরাফুল ইসলাম রুবেল বলেন, “নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে সংগঠনকে সামনে এগিয়ে নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণার পর জেলার গণমাধ্যমকর্মীদের মধ্যে আনন্দ ও প্রত্যাশার পরিবেশ তৈরি হয়েছে।
