ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাংবাদিক শ্রী অনিল চন্দ্র রায় চুই ঝালের চাষ করে বদলে দিয়েছেন নিজের সংসারের চিত্র। শখের বশে শুরু করা এই চাষাবাদ এখন তার পরিবারের আর্থিক স্বচ্ছলতার একটি বড় নির্ভরতার জায়গা হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর বাড়ির ভিটার সামান্য জায়গায় পরীক্ষামূলকভাবে চুই ঝাল চাষ শুরু করেন অনিল রায়। শুরু থেকেই চাষে আগ্রহ ও শ্রম দিয়েছেন তিনি। নিয়মিত পরিচর্যা, সঠিক সার প্রয়োগ ও প্রাকৃতিক পদ্ধতিতে কীটনাশক ব্যবস্থাপনার মাধ্যমে চুই ঝালের গাছে আসে বাড়তি পুষ্টি, ফলে চলতি মৌসুমে তিনি পান বাম্পার ফলন।

অনিল রায় জানান, “আমি পেশায় সাংবাদিক হলেও কৃষিকাজের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। তাই নতুন কিছু করার ইচ্ছা থেকেই চুই ঝালের চাষ শুরু করি। এবার ফলন এত ভালো হবে ভাবিনি। এখন ভালোই লাভ হচ্ছে।”

তার পরিবারও ফলন ভালো হওয়ায় খুব খুশি। বাজারে বর্তমানে চুই ঝালের চাহিদা ও দাম দুটোই ভালো থাকায় ফলন বিক্রি করে তিনি পেয়েছেন প্রত্যাশার চেয়ে বেশি আয়। এতে পরিবারের অর্থনৈতিক চাপ কমেছে এবং পরের মৌসুমে আরও জমিতে চাষ করার পরিকল্পনা নিয়েছেন অনিল রায়।

স্থানীয় কৃষি বিভাগ জানায়, চুই ঝাল একটি লাভজনক ফসল এবং যথাযথ পরিচর্যা করলে খুব কম খরচে বেশি লাভ পাওয়া যায়। তারা আরও বলেন, এলাকার অন্যান্য কৃষকরাও অনিল রায়ের সফলতা দেখে আগ্রহী হয়ে উঠেছেন।

চুই ঝালের চাষে সফল হয়ে এখন এলাকার তরুণ কৃষকদের অনুপ্রেরণার এক নতুন উদাহরণ হয়ে উঠেছেন সাংবাদিক অনিল চন্দ্র রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন