ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তসহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সর্বমোট ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, একটি মোটরসাইকেল এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৯) এবং একই ইউনিয়নের উত্তর ছাটগোপালপুর গ্রামের মোঘল হোসেনের ছেলে মোঃ রিপন মিয়া (২৮)।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *