মোঃ নূরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামায় গলায় ফাঁস এক তরুণী আত্মহত্যা করেছে এবং সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা মারা যাওয়ার ঘটনা ঘটেছে। নিহত তরুণী উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে এবং নিহত বৃদ্ধা ভড়ভেড়ী ইউনিয়নের সহজপুর গ্রামের মৃত গেরগেরু মোহাম্মদের স্ত্রী।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর গ্রামের আমতলী বাজারের সাদেকুল ইসলামের মেয়ে সুমি আক্তার (১৬) মায়ের গালাগালে অভিমান করে শোয়ার ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। মৃত সুমি আক্তার মোবাইলে দীর্ঘ সময় কথা বলতে থাকায় তার মা রাগের স্বরে তাকে গালাগাল করে। এ ঘটনায় অভিমান করে সে শোয়ার ঘরে ঢুকে বাঁশের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
অপরদিকে গতকাল সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সহজপুর গ্রামের ছাপ্পার মোড়ের মৃত গেরগেরু মোহাম্মদের স্ত্রী জহুরা বেওয়া (৫০) সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তিনি তার প্রতিবেশী তোসাহাপ খাঁ ছাপ্পার (৫৩) সাথে মোটর সাইকেলে করে খানসামা বাজারে দিকে যেতে থাকে এবং খানসামা ডিগ্রী কলেজ মোড়ের কাছে গিয়ে হাঠাৎ জহুরা মোটর সাইকেল থেকে উবু হয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত চিকিৎসা করাতে স্থানীয় চিকিৎসক রনজিৎ সেনের কাছে নিয়ে গেলে তিনি জহুরাকে মৃত ঘোষণা করেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান জানান, ফাঁস লাগিয়ে আত্মহত্যার ইউডি মামলা হয়েছে। আর সড়ক দূর্ঘনায় নিহত হওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
