কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
কুড়িগ্রামে সদর থানা পুলিশের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা এবং যুব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আস্থা এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই অ্যাডভোকেসি সভার আয়োজন করে ফ্রেন্ডশিপ উন্নয়ন সংস্থা।

বুধবার ১৬ এপ্রিল দুপুরে কুড়িগ্রাম সদর থানার হল রুমে এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় যুব গোষ্ঠি, ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগ্যাল এবং পুলিশ প্রতিনিধিদের অংশগ্রহণে দেশের বর্তমান গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় । দুর্গম চর এলাকা থেকে শুরু করে কমিউনিটির সকল স্তরে নীতিবান নেতৃত্ব গড়ে তোলার জন্য আশাবাদ ব্যক্ত করা হয়। আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক সঠিক পরিষেবা প্রদানের মাধ্যমে একটি নিরাপদ, আরও অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায় গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছে ফ্রেন্ডশিপ।

বক্তাগণ তাদের আলোচনায় আইনি অধিকার ও দায়িত্ব, যুব-সমাজের নির্দিষ্ট চ্যালেঞ্জসমূহ এবং পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির কৌশলগুলির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর সবার আরো আন্তরিকতার প্রয়োজন বলে আলোচকগণ উল্লেখ করেন। এছাড়াও একটি নিরাপদ সম্প্রদায় তৈরিতে পুলিশ প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করার আশা ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ, ফ্রেন্ডশিপ এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ আব্দুস সালাম, ফ্রেন্ডশিপ সংস্থার হেড অফিস প্রতিনিধি ইরফান শাকিল, রেজ‌ওয়ানুল হক, প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবীব, সহকারী প্রকল্প ব্যবস্থাপক এবং সংস্থার কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *