ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা একটি ব্যানার নিয়ে ভূরুঙ্গামারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে বাসটার্মিনাল গোলচত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা ও সাখাওত হোসেন তৌহিদ এবং বঙ্গসোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারীসহ স্থানীয় নেতারা।
বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ সংগঠনের নামে পরিচিত বিভিন্ন পক্ষ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির এবং জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ড প্রতিহত করতে এবং দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মসূচি পালনের ধারাবাহিকতায় ভূরুঙ্গামারীতেও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেন।
