লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে হুমায়ুন কবীর নামে পুলিশের সোর্স পরিচয় দেয়া এক ব্যক্তি ফেনসিডিল ভর্তি একটি বস্তা আটক করে। পরে ওই ফেনসিডিল স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভাগ করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৪আগষ্ট) দুপুরে ওই ইউনিয়নের তিস্তা বাগধারা নামক একালায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান,
তিস্তা বাগধারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মশিয়ার রহমান (৪৫) এর সহযোগিতায় একই এলাকার মৃত সেকেন্দার আলীর পুত্র পুলিশের সোর্স পরিচয় দেয়া হুমায়ুন কবীর (৫৫) ওই বাগধারা বাজার সংলগ্ন এলাকা থেকে ফেনসিডিল ভর্তি একটি বস্তা আটক করে। ফেনসিডিল ভর্তি ওই বস্তা একই এলাকার চিহ্নিত মাদক বহনকারী ও খুচরা মাদক ব্যবসায়ী সাদেকুল মিয়ার পুত্র রিপন মিয়া মোটরসাইকেল যোগে তিস্তা নদী পাড় করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ওই বস্তায় দুইশত বোতল ফেনসিডিল ছিল বলে প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান। আর ফেনসিডিলগুলো ছিল জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর সীমান্ত এলাকার অজ্ঞাত এক প্রভাবশালী মাদক ব্যবসায়ীর।
এদিকে ফেনসিডিল আটকের খবর পেয়ে ওই খুনিয়াগাছ ইউনিয়ন যুবলীগের সভাপতি শিমুল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নান দলবল নিয়ে ঘটনা স্থলে ছুটে এসে পুলিশের সোর্স হুমায়ুন কবীর পরস্পর যোগাসাজসে ৪৪টি বোতল রেখে বাকী ১৫৬বোতল ফেনসিডিল নিজেদের মধ্যে ভাগ করে নেয়। পরে তারা কৌশলে সদর থানায় ৪৪ বোতল ফেনসিডিল আটকের খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশের এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ৪৪বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সদর থানার ওসি ওমর ফারুক বলেন, এলাকাবাসী মাদক আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মাদকগুলো কার, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *