Oplus_16908288

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
দীর্ঘদিন বিদেশে চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের পর এবার নিজ জন্মভূমির উন্নয়ন ও জনকল্যাণে সরাসরি কাজ করার প্রত্যয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠে নেমেছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ৬নং জয়মনিরহাট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও প্রবাসী বাংলাদেশি ডাঃ রোকনুজ্জামান কিরন।
গণপ্রজাতন্ত্রী চীনে দীর্ঘদিন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনকারী ডাঃ কিরন বর্তমানে নিজ এলাকায় অবস্থান করছেন। দেশে ফিরে তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্যসেবা বিষয়ে পরামর্শ প্রদান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ডাঃ রোকনুজ্জামান কিরন বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ৬নং জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছি, ইনশাআল্লাহ। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি। আপনাদের সহযোগিতা ও বিশ্বাসই হবে আমার শক্তি।”
তিনি বলেন, “জনগণের সেবাই আমার জীবনের মূল লক্ষ্য। দীর্ঘদিন বিদেশে চিকিৎসা পেশায় নিয়োজিত থাকলেও নিজের জন্মভূমি ও এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ কখনো কমেনি। আমি বিশ্বাস করি, মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত সফলতা। সেই লক্ষ্য নিয়েই আমি জনগণের সেবায় নিজেকে আরও নিবেদিত করতে চাই।”
ডাঃ কিরন জানান, জয়মনিরহাট ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করাই তাঁর মূল লক্ষ্য। তিনি স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন, কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন, অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাসে অবস্থান করেও ডাঃ রোকনুজ্জামান কিরন সবসময় এলাকার মানুষের খোঁজখবর নিয়েছেন এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। দেশে ফেরার পর তিনি আরও বেশি সময় জনগণের পাশে থেকে বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
সচেতন মহলের মতে, উচ্চশিক্ষিত, অভিজ্ঞ ও জনসেবায় নিবেদিত একজন ব্যক্তি হিসেবে ডাঃ রোকনুজ্জামান কিরনের প্রার্থিতা জয়মনিরহাট ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। তবে শেষ পর্যন্ত জনগণের রায়ই নির্ধারণ করবে ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব।
সবশেষে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করে বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই একজন। আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা নিয়ে জয়মনিরহাট ইউনিয়নকে একটি আদর্শ, উন্নত, শান্তিপূর্ণ ও সেবামূলক ইউনিয়নে পরিণত করতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন