কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। সোমবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানী নগরে দোয়া, মিলাদ মাহফিল, কোরআন খতম ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মজলুম জননেতা ভাসানী ছিলেন বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। কৃষক-শ্রমিকের অধিকার আদায়ে তাঁর আপসহীন সংগ্রাম আজও জাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম এবং গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানীর নাতি মনিরুজ্জামান খান মনির ভাসানী। এতে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, ভাসানী অনুসারী ইউনুছ আলী, কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান জুয়েল, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান হাফিজ, প্রধান শিক্ষক রেজ্জাকুল আলম লেলিন এবং রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম গোলাম মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহুরুল ইসলাম।
স্থানীয়রা জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে দূর-দূরান্ত থেকে ভক্ত, অনুসারী, রাজনৈতিক সহযোদ্ধা ও সাধারণ মানুষসহ প্রায় তিন হাজার মানুষ ভাসানী নগরে সমবেত হন। সন্ধ্যায় দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
বক্তারা মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন ও আদর্শকে অনুসরণ করে সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
