এস, কে সাহেদ,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কেন্দ্র করে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার এলাকায় পুড়ে যাওয়া দোকান ঘর পরিদর্শন করেছেন লালমনিরহাট-০১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় তিনি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুড়ে যাওয়া দোকানঘরও বাড়ি ঘর পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে মোতাহার হোসেন এমপি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, এদের রুখে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার আহবান জানান তিনি।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক আহসানুল হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার দশদফা দাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এদিকে বিএনপির জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামীগ। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীরা ওই বুড়ির বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সন্ধ্যায় আওয়ামীগের নেতাকর্মীদের মহেন্দ্রনগর বাজারে শান্তি সমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীরা বুড়ির বাজারে অবস্থিত আওয়ামী সমর্থকদের দোকান ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠে।
