কুড়িগ্রাম প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে গণভোট ও নির্বাচন সংশ্লিষ্ট প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এ সময় নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের পদ্ধতি এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষের মাঝে বার্তা পৌঁছে দেওয়া হয়।
কার্যক্রমে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন এবং জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহজাহান। তারা নির্বাচনকে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে ভোটারদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, জনগণের সচেতন অংশগ্রহণ ছাড়া একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
কার্যক্রম চলাকালে “ভোট আপনার অধিকার—দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানের মাধ্যমে নাগরিকদের ভোট প্রদান ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় জনগণ ইতিবাচক হিসেবে দেখছেন এবং সচেতনতা বৃদ্ধিতে এমন কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন