
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে ”আমার গ্রাম আমার শহর” আদর্শকে সামনে রেখে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন উপজেলায় সবচেয়ে পিছিয়ে পড়া এলাকার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ শুরু করেছে। এর আওতায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের উত্তর চর নলেয়া গ্রামের ২৫টি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্বরে প্রথম পর্যায়ে প্রত্যেকটি পরিবারকে একটি করে ভেড়া প্রদান করা হয়েছে। যার বাজার মূল্য ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার টাকা) এলাকাটি পিছিয়ে পড়ার কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি অতিরিক্ত উদ্যোগ। পাশাপাশি এলাকাটিতে সরকারি- বেসরকারি সকল প্রকার সেবা চলমান আছে। মেয়েশিশুদের বাল্যবিবাহের কবল থেকে রক্ষা করার মাধ্যমে গুনগত শিক্ষা অর্জনের দিকে ধাবিত করতে অংশগ্রহণমূলক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে এই পরিবারগুলো নির্বাচন করা হয়েছে এবং তাদের সম্ভাবনাময় খাত আইজিএ হিসেবে ভেড়া প্রদান করা হয়েছে। সুবিধাভোগীদের মধ্যে নারী, প্রতিবন্ধী, বাল্যবিবাহের ঝুঁকিপূর্ণ শিশু এবং ইউনিয়ন যুব ফোরাম এর সদস্য আছে। বাল্যবিবাহ করেনি এর পুরষ্কার স্বরুপ উপজেলা প্রশাসন থেকে যুব ফোরাম সদস্যকে এই সহায়তা প্রদান করেছে। আশা করা হচ্ছে এই উদ্যোগের ফলে দারিদ্রের হার কমাতে, ক্ষুদার অবসানে, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এবং জেন্ডার সমতা অর্জনে অবদান রাখবে। উপজেলার সবচেয়ে পিছিয়ে পড়া এই এলাকাটিকে মডেল গ্রামে পরিণত করতে ব্যাপক কর্মপরিকল্পনা উপজেলা প্রশাসন গ্রহণ করেছে। এস.এইচ.এম. মাগ্ফুরুল হাসান আব্বাসী, উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে নুরুন্নবী চৌধুরী খোকন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন শাহানারা খাতুন মিরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং মাহমুদুর রহমান রোজেন, চেয়ারম্যান, ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ প্রমুখ।
