ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া ও নলেয়া মৌজা দিয়ে প্রবাহিত দুধকুমর নদের বাঁধ নির্মাণ আংশিকভাবে বন্ধ রেখে উজান ও ভাটির অংশে কাজ সম্পন্ন করায় নদীভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। এতে করে স্থানীয় জনপদ, ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে।
এই প্রেক্ষিতে গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় কামাত আঙ্গারিয়া-নলেয়া অংশে দ্রুত ভাঙনরোধ ও স্থায়ী নদীবাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর গুরুত্বপূর্ণ এই অংশে বাঁধ নির্মাণ বন্ধ রেখে অন্য অংশে কাজ সম্পন্ন করায় পানির চাপ এসে এই এলাকায় তীব্র ভাঙনের সৃষ্টি করেছে। ফলে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও কৃষিজমি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার। তিনি তার বক্তব্যে বলেন, “দুধকুমর নদের এই অংশে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পুরো এলাকা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগী হতে হবে।”
এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম, উপজেলা ট্রাক ও ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের নেতা খলিলুর রহমান সাধু,মতাজ আলী, মন্টু  ও লিটন মিয়া। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা নদীভাঙনের শিকার হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানান।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *