ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুরে সরাসরি মেইল বাস সার্ভিস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১ জুন) সকাল থেকে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে ‘উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।
দুপুর ২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলমান থাকায় ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম বাস মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। ফলে ঢাকাগামী যাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১ জানুয়ারি ভূরুঙ্গামারী-রংপুর সরাসরি মেইল বাস সার্ভিস পুনরায় চালু করা হয়। কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কুড়িগ্রাম বাস মালিক সমিতি ১ জুন থেকে এ সার্ভিস বন্ধ করে দেয়। এর প্রতিবাদে গত ৩০ মে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় জনগণ। মানববন্ধন থেকে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবি জানিয়ে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
কিন্তু দাবি উপেক্ষা করে সোমবার থেকে মেইল সার্ভিস বন্ধ করে দেওয়া হলে ক্ষুব্ধ জনতা সকাল থেকেই ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে। এতে ঢাকা ও দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা বিপাকে পড়েন।
ঢাকার একটি পোশাক কারখানার কর্মী সাহিদা বেগম বলেন, “সোমবার সকালে এসএন পরিবহনের বাসে ঢাকার টিকিট কেটেছিলাম। কিন্তু কাউন্টারে এসে জানতে পারি বাস যাবে না। পরে ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়েছে। এখন কীভাবে ঢাকায় ফিরব বুঝতে পারছি না।”
এসএন পরিবহনের কাউন্টার ম্যানেজার জাকির হোসেন জানান, অবরোধের কারণে সোমবার সকালে তাদের কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।
উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বশির আহমেদ বলেন, “বিষয়টির সমাধানে কুড়িগ্রাম মোটর মালিক সমিতির সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি পাঠানো হয়েছে।”
উত্তর ধরলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, ভূরুঙ্গামারীর জনগণের স্বার্থে মেইল বাস সার্ভিস চালু রাখা প্রয়োজন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ডাকসুর সাবেক ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, “আমরা সরাসরি রংপুর মেইল বাস সার্ভিস বন্ধ না করার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু কুড়িগ্রাম বাস মালিক সমিতি আমাদের আবেদন উপেক্ষা করেছে। জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বিষয়টি সমাধানে শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের জন্য কুড়িগ্রামে যাওয়া হচ্ছে।
এদিকে, চলমান অবরোধ ও বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
