ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে রাজারহাটে যুবদলের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নে ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, “আগামী নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি মাঠ পর্যায়ে সংগঠনের শক্তি বাড়াতে নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির সদস্য ও সাংবাদিক আশরাফুল হক রুবেল। এছাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ সভায় নির্বাচনী কৌশল, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি ও কর্মীদের মাঠে সক্রিয় ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। নির্বাচনী পরিবেশ ও স্থানীয় রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
মতবিনিময় সভায় ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ততা বাড়াতে ব্যাপক গণসংযোগ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
