কুড়িগ্রাম প্রতিনিধি:
শীতকালীন অনুষ্ঠান, বনভোজন ও বিভিন্ন যানবাহনে মাত্রাতিরিক্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারের কারণে কুড়িগ্রাম জেলাজুড়ে শব্দদূষণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ায় জেলা প্রশাসন, কুড়িগ্রাম একটি বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অনিয়ন্ত্রিত শব্দ শিক্ষার্থীদের চলমান বার্ষিক ও সমাপনী পরীক্ষার প্রস্তুতিকে মারাত্মকভাবে ব্যাহত করছে। পাশাপাশি বয়স্ক ব্যক্তি, শিশু ও অসুস্থ রোগীরাও উচ্চ শব্দদূষণের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী আবাসিক এলাকা, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে শব্দের নির্ধারিত মাত্রা অতিক্রম করা শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করে জেলা প্রশাসন জানায়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হবে।
জেলা প্রশাসন আরো জানায়, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব কুড়িগ্রাম গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত মাত্রার বাইরে সাউন্ড সিস্টেম, মাইক বা লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
শেষে জেলা প্রশাসন, কুড়িগ্রাম সকল নাগরিককে শব্দদূষণমুক্ত পরিবেশ গঠনে আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানায়।
