ফুলবাড়ী প্রতিনিধি │
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় ১৭ পিস কম্বল ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার দিবাগত রাতে অনন্তপুর ও গোরকমণ্ডল সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অনন্তপুর ক্যাম্পের টহল দল সোমবার রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম অনন্তপুর সীমান্ত এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ১৭ পিস কম্বল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে একই সময়ে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডল নামাটারী সীমান্তে গোড়কমণ্ডল ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা অপর একদল চোরাকারবারীকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে ফেলে রাখা বস্তা তল্লাশি করে ৪ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৪৫০ টাকা বলে জানা গেছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক ও চোরাচালান রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
