কুড়িগ্রাম প্রতিনিধি │
কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় গরু, বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৯ ও ৩০ অক্টোবর রাতে এবং দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিভিন্ন সীমান্ত এলাকায় টানা তিনটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, চোরাকারবারীরা সীমান্তপথে ভারতীয় গরু ও মাদকদ্রব্য পাচারের চেষ্টা করছে। এরপর ১৫ বিজিবির বিশেষ টহলদল লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এলাকায় ঝাউরানী বিওপি, মোগলহাট জিরো পয়েন্টে মোগলহাট বিওপি এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপি এলাকায় অভিযান চালায়।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরু ও মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ৮টি গরু, ৫১ বোতল ফেন্সিডিল, ২০ বোতল ইস্কাফ সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট বাজারমূল্য আনুমানিক ১১ লাখ ৮ হাজার ৪শত টাকা বলে জানিয়েছে বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
“চোরাচালান প্রতিরোধ ও দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *