বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় আলোচিত বিড়াল হত্যার ঘটনায় প্রধান আসামি বুলবুলি বেগমকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বগুড়ার সূত্রাপুর ও কালীতলা এলাকায় পোষা বিড়াল নিখোঁজের ঘটনা বেড়ে যায়। পরে তদন্তে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি বিড়াল ধরে বিক্রি ও হত্যা করে মাংস বাণিজ্য করছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং পশুপ্রেমীরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিড়াল হত্যায় সরাসরি জড়িত প্রধান আসামি বুলবুলি বেগমকে আটক করা হয়। তবে তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পশুপ্রেমী সংগঠনগুলোর সদস্যরা এ ঘটনায় পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “অমানবিক এই কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং পশুহত্যাকারী এই মহিলার ফাঁসীর দাবী জানান।
এদিকে, সূত্রাপুর ও কালীতলা এলাকার বিড়াল ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে—পশু নির্যাতন বা অবৈধ ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
