ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নয়ন মিয়া (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রবিবার (১৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানার একটি টিম জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং ৪ প্যাকেট সিসা উদ্ধার করে পুলিশ।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে নয়ন মিয়াকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
এদিকে পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।
