খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাকেরহাট শিশু পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে। পাকেরহাট শিশু পার্কে শোভা পাচ্ছে খেলাধুলার বিভিন্ন রাইড ও বিভিন্ন প্রজাতির পশু-পাখির ম্যুরাল। এই শিশু পার্ককে ঘিরে আশেপাশের শিশু ও অভিভাবকরা বেশ আগ্রহী হয়ে উঠছেন।
রবিবার (০৯ জুলাই) বিকেলে পাকেরহাট শিশু পার্কের নাম ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এর আগে তিনি ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে উপজেলা উন্নয়ন সহায়তা ও সংশোধিত বাজেটে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা থেকে বরাদ্দের আওতায় প্রাথমিক ও মাধ্যমিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সিলিং ফ্যান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বাবলম্বী করতে ষাঁড় বাছুর বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, বিদায়ী ইউএনও রাশিদা আক্তার ও নবাগত ইউএনও মোঃ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
