ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর প্রবীণ সাংবাদিক মোক্তার হোসেন সরকার আর নেই ( ইন্না-লিল্লাহি…. রাজিউন)। 

পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তিনি কুড়িগ্রামে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে মোক্তার হোসেন সরকার মুজিব নগর সরকারের কর্মচারী ছিলেন। কিন্তু মুক্তিযোদ্ধা তালিকা তার নাম ছিলনা। সর্বশেষ অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে তিনি মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেন।

মোক্তার হোসেন সরকার ১৯৪৭ সালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মইদাম গ্রামে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম কেতাব উদ্দিন সরকার। তিনি ১৯৬৭ সালে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন। একই বছর মোকছেদা বেগম লাইলীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

তিনি তৎকালীন ম্যালেরিয়ায় ইরেডিকেশন প্রোগ্রামে কর্ম জীবন শুরু করেন।  ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজ থেকে ১৯৭২ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালে লেখালেখিতে তাঁর হাতেখড়ি। তিনি ১৯৯১ সালে কুড়িগ্রাম জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক ধরলা ও বগুড়া থেকে প্রকাশিত চাঁদনী বাজার পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি একেএকে দৈনিক খবর, ওপেন্টি বায়স্কোপ, আজকের কাগজ, দিনকাল, কুড়িগ্রাম খবর পত্রিকায় ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। 

মৃত্যুর আগ পর্যন্ত তিনি অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম পেট্রল বিডি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া দৈনিক বগুড়া, উত্তরকোণ, জনকণ্ঠ সহ বিভিন্ন পত্রিকায় তার লেখা সংবাদ প্রকাশিত হয়। মোক্তার হোসেন সরকার ভূরুঙ্গামারী প্রেসক্লাব প্রতিষ্ঠাতাদের একজন। তিনি দু’বার প্রেসক্লাবের সভাপতি মনোনীত হয়ে একবার দায়িত্ব পালন করেন।

মৃত্যু কালে তিনি স্ত্রী, চার কন্যা ও এক পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার তিন কন্যা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এক কন্যা চিকিৎসক এবং কনিষ্ঠ পুত্র প্রকৌশলী।

তার মৃত্যুতে ভুরুঙ্গামারী প্রেস ক্লাব,নাগেশ্বরী প্রেস ক্লাব,কচাকাটা প্রেস ক্লাব,এশিয়ান বাংলা নিউজ সহ  উপজেলার সাংবাদিক সংগঠনগুলো শোক প্রকাশ করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন