কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি দখল করে ধান কেটে নেওয়ার অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ফজলুল হক (৪২)। তিনি উপজেলার ভাঙামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী এলাকার মৃত জেলহাজ উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ফজলুল হক ও তার ভাই কাসেম আলীর ছেলেদের সঙ্গে একই এলাকার রিয়াজুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, গত ৮ মে ফজলুল হক, কাসেম আলীসহ প্রায় ৪০ জনের একটি দল রিয়াজুল ইসলামের রোপণকৃত ধান কেটে নিয়ে যায়।
ঘটনার পর রিয়াজুল ইসলাম প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে না জড়িয়ে ফুলবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে গত ১১ মে মামলাটি রেকর্ডভুক্ত করে। এরপর সন্ধ্যায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি ফজলুল হককে ফুলবাড়ী সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার এসআই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
