এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুরে বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতীক নিয়ে ফকরুজ্জামান মতিন বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। শনিবার অনুষ্ঠিত হয় বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে ৪জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। বকশীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের মোট ভোটার ৩৫ হাজার ৫’শ ১৮ জন। প্রদত্ত ভোট সংখ্যা ২৪ হাজার ৮’শ ৩৫টি।
বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল অনুযায়ী নারিকেল গাছ প্রতীকের (সদ্য বহিষ্কৃত বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব) ফকরুজ্জামান মতিন ৮ হাজার ৫’শ ৪২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল মোবাইল ফোন প্রতীকে ৭ হাজার ৫৪৩ ভোট পেয়েছেন। এছাড়াও বকশীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর জগ প্রতীক নিয়ে ৭ হাজার ৪২০ ভোট এবং রেল ইঞ্জিন প্রতীক নিয়ে সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর পেয়েছেন ১২৬৩ ভোট। নির্বাচনী পরিবেশ সুষ্ঠ, নিরপেক্ষ এবং অংশগ্রহনমূলক করতে মাঠে ছিলেন বিজিবি, পুলিশ, র্যাব, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স।
