লালমনিরহাট প্রতিনিধি
ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে লালমনিরহাট পৌরসভার মেয়রের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (১৮মার্চ) দুপুর ১২টা থেকে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ওয়াপদা বাজার এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে গণস্বাক্ষর গ্রহণ কার্যক্রম করেন এলাকাবাসী।
জানা গেছে, সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবের কুটি এলাকার ওয়াপদা সংলগ্ন ধরলা নদী থেকে বালু উত্তোলন করছেন পৌরসভার মেয়র রেজাইল করিম স্বপন। বালু মহালের নামে তিনি গত একমাস ধরে নিয়মবহির্ভূত ভাবে ৩ফিটের পরিবর্তে ৮থেকে ১০ফিট গর্ত খুড়ে বালু উত্তোলন করে তা অর্ধশত ট্রাক দিয়ে করে আসছেন। এতে নষ্ট হচ্ছে গ্রামের চলাচলের রাস্তা। বড় আকারের গর্ত খুঁড়ে বালু উত্তোলন করায় পাশ্ববর্তী মসজিদ এবং কয়েক শত একর ফসলি জমি ও বসত বাড়ি নদী গর্ভে বিলীনের হুমকিতে পড়েছে। তাদের অভিযোগ, বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই নিজেদের বসতভিটা ও ফসলি জমি বাঁচাতে এলাকার শত শত নারী পুরুষ রাস্তায় নেমে এসেছেন। তাদের অভিযোগ, বালু মহালের জন্য ৩ ফিট মাটি উত্তোলন করার নির্দেশনা থাকলেও পৌর মেয়র রেজাউল করিম স্বপন প্রভাব খাটিয়ে ৮ থেকে ১০ ফিট করে গর্ত খুঁড়ে বালু উত্তোলন করছেন। এতে বন্যার সময় নদী ভাঙনে ওই এলাকায় ক্ষতির আশংকা রয়েছে। মানববন্ধন থেকে তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে বালু উত্তোলন বন্ধের দাবী জানিয়েছেন।
মানববন্ধনে বক্তব্যে এলাকার ছাত্তার আলী জানান, যেভাবে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এটা অবৈধ। এভাবে যদি বালু উত্তোলন করা হয় তাহলে আমাদের বসতবাড়ি থাকবে না। এলাকাবাসী মফিজ উদ্দিন বলেন, এভাবে বালু তুললে বন্যার সময় আমার জমি নদীতে চলে যাবে। আমি নিঃস্ব হয়ে যাবো।
এব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল নোমান সরকার বলেন, বালু মহলের আবেদনে তিন ফিটের বেশি বালু তোলার বিধান নেই। এর চেয়ে বেশি গর্ত হলে তা অবৈধ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
