বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। অপর দুইজনসহ আহত হয়েছেন ৩জন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার বনপাড়া–পাবনা মহাসড়কের গুনাইহাটি মসজিদ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর থেকে কুষ্টিয়াগামী কল্পনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫১৪) নামের দ্রুতগামী বাস পেছন থেকে একটি অটোরিকসাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অপর তিনজন জন গুরুতর আহত হয়। নিহতরা হলেন, উপজেলার কালিকাপুর গ্রামের মুনসের আলী(৭৫), তার আনছার আলী (৬০), লালপুর উপজেলার ধলা ঢাকালীপাড়ার নসিরের ছেলে নয়ন(৩২)। এসময় গুরুতর আহত হয় আনছারের স্ত্রী রাশিদা বেগম (৫০), ছেলে রাসেল (২৬), ও ভাই রানা(৪০)। তারা সকলেই পার্শ্ববর্তী মানিকপুর গ্রামে নিকট আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পুলিশ জানায়, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
