আব্দুর রাজ্জাক সরকার, ভুরুঙ্গামারী।
কুড়িগ্রামের সীমান্তবর্তী ভূরুঙ্গামারীতে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
রোববার ১২ জুলাই দুপুরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম বাজারে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মইদাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিক।
সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আবু সুফিয়ান পারভেজ।
এ সময় বক্তব্য দেন এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, জাহাঙ্গীর আলম, শিক্ষক হারুনুর রশিদ, মাওলানা হাবিল উদ্দিন, নাহিদ হাসান প্রিন্স, এনামুল হক ও রোকনুজ্জামান।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান অব্যাহত রাখার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।
