ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আকবর আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় নসিমন চালক। শনিবার বিকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকবর আলী শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকার বাসিন্দা। এঘটনায় অপর একজন আহত হয়েছেন। শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শিলখুড়ির শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তা বোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। সড়কের খানাখন্দের কারণে তেতুলতলা এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে চালক আকবর আলী নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, নসিমন সড়কের নিচে পড়ে গেলে চালক চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এসময় মুক্তি (৫৮) নামের অন্য আরেকজন আহত হয়েছেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। খোজখবর নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *