ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি মিনি অবৈধ পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৫ মে দুপুরে ) উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের পাগলারহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
জানাগেছে, পাগলারহাট বাজারের পাশে জনৈক আলাউদ্দিন নামের এক ব্যক্তি তিলাই ইউনিয়ন পরিষদ থেকে খুচরা তেল ব্যবসায়ীর একটি ট্রেড লাইসেন্স নিয়ে তেলের পাম্পটি স্থাপন করে দীর্ঘদিন ধরে ডিজেল ও পেট্রোল বিক্রি করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর রবিবার দুপুরে অভিযান চালানো হয়।
প্রশাসন জানায়, অনুমোদন ছাড়াই জ্বালানি বিক্রির এমন কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি হওয়ায় পেট্রোলিয়াম আইনের ২০(১)ঙ ধারায় ওই প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, পেট্রোল পাম্পটির মালিক পাম্প পরিচালনার জন্য বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও জেলা প্রশাসকের অনুমোদনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় এবং ব্যবহৃত দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন