রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় পার্টি থেকে সহস্রাধিক নেতা-কর্মীর দলবদল উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শেষ বিকেলে স্থানীয় এলাকায় আয়োজিত এ সভায় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, “জনগণ আজ পরিবর্তন চায়। রাজারহাটে জাতীয় পার্টি থেকে বিএনপিতে ব্যাপক যোগদান রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার সূচনা করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, “এই যোগদান আন্দোলনকে আরও বেগবান করবে এবং আগামী নির্বাচনে রাজারহাটে বিএনপির অবস্থান হবে আরও শক্তিশালী।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় পার্টির সহস্রাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন। এতে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। যোগদানকারীরা জানান, বর্তমান পরিস্থিতিতে বিএনপির প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাওয়ায় তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।
মতবিনিময় সভা শেষে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা ও উপজেলা বিএনপির নেতারা। অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
রাজারহাটে এই ব্যাপক যোগদানকে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
