লালমনিরহাট প্রতিনিধি
সীমান্ত সুরক্ষার পাশাপাশি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) মানবিক কাজেও সক্রিয় রয়েছে। এরই অংশ হিসেবে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর হাই স্কুল মাঠে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি। তাঁর উপস্থিতিতে সীমান্ত এলাকার জনসাধারণ ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অধিনায়ক তাঁর বক্তব্যে সীমান্ত সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় জনসাধারণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন। সভায় মূলত সীমান্তে মাদক, নারী ও শিশু পাচার, এবং চোরাচালান প্রতিরোধে করণীয় বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
মতবিনিময়ের পাশাপাশি, ব্যাটালিয়ন অধিনায়ক প্রায় দুইশত গরীব, দুস্থ ও অসহায় শীতার্তদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন। ১৫ বিজিবি’র এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
