লালমনিরহাট প্রতিনিধি
শেষ সময়ে লালমনিরহাট-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল। খবরটি শোনার পর থেকে দলের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
চলতি বছরের ১৭ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত লালমনিরহাট-২ (আদিতমারী – কালীগঞ্জ) আসনের মনোনয়নত্রটি গত ২৪ ডিসেম্বর পান তিনি। বিষয়টি সোমবার বিকেলে মুঠোফোনে প্রার্থী রোকন উদ্দিন বাবুল কালবেলাকে নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, দলীয় মনোনয়ন পেতে অনেক নাটকীয়তা ও নানান প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ছিলো, দল ( বিএনপি) তৃণমূল মাঠের সমর্থন ও বাস্তবতা বিবেচনায় নিয়ে দলীয় মনোনয়ন দিলে সেটা আমিই পাবো। শেষ সময়ে দলীয় মনোনয়ন পাওয়ায় তিনি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি আরো বলেন, ‘আমি দলীয় মনোনয়ন পেয়ে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে নির্বাচন করে শত প্রতিকূলতার মধ্যে ৭৮ হাজার ১৯৩ ভোট পেয়েছি। দুইবার কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করে দ্বিতীয় অবস্থানে ছিলাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কিভাবে হয়েছে, সেটা সবার জানা আছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় দলীয় নেতা কর্মী সমর্থকসহ সাধারণ ভোটারদের বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ।
এদিকে দলীয় মনোনয়ন প্রত্যাশির দলে ছিলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমসহ আরও কয়েকজন প্রার্থী। মনোনয়ন প্রত্যাশি রোকন উদ্দিন বাবুল ও মোঃ জাহাঙ্গীর আলম সম্পর্কে জ্যাঠাতো ও চাচাতো ভাই।
এর আগে, রোকন উদ্দিন বাবুল ও মোঃ জাহাঙ্গীর আলম দুজনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা শুরু করলে দলের নেতা কর্মী সমর্থকদের মধ্যে বিভক্তি ও বিরোধ দেখা দেয়। পরে লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদিন স্বপন স্বাক্ষরিত ৩০ অক্টোবর তারিখের একপত্রে উভয়কে দলীয় মনোনয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত সভা সমাবেশ না করতে অবহিত করা হয়।
লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদিন স্বপন কালবেলাকে মুঠোফোনে জানান, রোকন উদ্দিন বাবুল কে ২৪ ডিসেম্বর বিকেলে বিএনপির চেয়ারপারসন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে লালমনিরহাট- ২ আসনের দলীয় মনোনয়ন পত্র দেওয়া হয়েছে।
এ ব্যাপার মনোনয়ন প্রত্যাশি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম মুঠোফোনে লালমনিরহাট-২ আসনের মনোনয়ন রোকন উদ্দিন বাবুলকে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, এখন ব্যস্ত আছি, বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা সেক্রেটারি মোঃ ফিরোজ হায়দার, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ এলাহান উদ্দিন ও নব গঠিত জনতার দলের প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম কামালসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন লালমনিরহাট জেলা ও আদিতমারী এবং কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে। সোমবার ২৯ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ছিলো। এদিন ২২জন দলীয় ও ৪জন সতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন গ্রহণ করেছেন ২৯জন।
