আব্দুস সাত্তার টিটু চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া পলাতক আসামি মোহাম্মদ মাহবুব আলম (৪৩) কে চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করেছেন র্যাব-৭, চট্টগ্রাম।
রবিবার (২৬ অক্টোবর) ভোর ০৪টা ৪৫ মিনিটের দিকে, চান্দগাঁও থানাধীন ফয়জুল্লা বলির বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া এ.আর.এম মোজাফফর হোসেন গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-৭ জানায়, ২০২৪ সালের ২০ নভেম্বর ডবলমুরিং থানায় দায়েরকৃত মামলা নং-১৪, ধারা-১৪৩/১৪৮/১৪৭/১৪৯/১০৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫৬০ পেনাল কোড ১৮৬০-এর আসামি মাহবুব আলম পালিয়ে চান্দগাঁও থানা এলাকায় অবস্থান করছেন এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় মাহবুব আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় নাশকতা ও মাদক সংক্রান্ত মোট ৬টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
