ভুবন কুমার শীল, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে গত ৭২ ঘণ্টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত ধারাবাহিক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ১৭ হাজার ৮৩০ টাকা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, ২২ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তজুড়ে টানা বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গবাদিপশু, গাঁজা, মদ, জিরা, প্যান্ট পিস, ফলসহ নানান ধরনের অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। গত ৭২ ঘণ্টার এসব অভিযানে মোট বত্রিশ লাখ সতেরো হাজার আটশত ত্রিশ টাকার পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,
“সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।”
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান সম্পূর্ণরূপে নির্মূল করতে এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
