নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে জেলা পুলিশ। একই সাথে এই চুরির ঘটনা ও চোরাই ইজিবাইক বেচাকেনার সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) ঠাকুরগাঁও জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই ২০২৬ তারিখ সকাল ৯:০০ টার দিকে বাদী মোঃ মাসুদ রানা (২১) তার ইজিবাইক নিয়ে বের হন। সকাল ১০:০০ টার দিকে তার বাবা অসুস্থ হয়ে পড়লে তিনি তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে টিকা কেন্দ্রের গেটের সামনে ইজিবাইকটি রেখে বাবাকে জরুরি বিভাগে নিয়ে যান তিনি। বেলা ১১:৩৫ মিনিটের দিকে ফিরে এসে দেখেন ইজিবাইকটি আর নেই।
এ ঘটনায় পরবর্তীতে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশনায় ইজিবাইকটি উদ্ধারে পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়।
সংগৃহীত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে ঘটনার সাথে জড়িত আসামি ১.মোঃ মোমিন (৫৪) ও ২. মোঃ বাদল দ্বয়কে গড়েয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য ও চোরাই মাল কেনাবেচায় জড়িত ৩. মোঃ আনোয়ার হোসেন (৫৩) এবং ৪. মোঃ তসলিম বাবু (৩২)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তসলিম বাবুর তথ্যের ভিত্তিতে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি এলাকায় ইজিবাইকটি বিক্রির জন্য রাখা হয়েছে বলে জানা যায়। সেখানে পুলিশের উপস্থিত টের পেয়ে ক্রেতা পালিয়ে গেলেও বাদীর উপস্থিতিতে চুরি হওয়া ইজিবাইকটি সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়।
ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদাদাদ প্রেস বিফিং আরো জানান , প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের উক্ত চুরির সাথে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
