এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৪ (চিরিরবন্দর ও খানসামা) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে ঘিরে দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আরো ৬০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে, পাশাপাশি আরও ৭০–৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনার চার দিন পর, বুধবার (১৬) জুলাই দিবাগত রাতে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজার রহমান ভুট্টু বাদী হয়ে খানসামা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

দায়েরকৃত এজাহারে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচীতে ওইদিন দুপুর ও রাতভর আখতারুজ্জামান মিয়ার অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ অন্তত ২৫–৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হন। একই সঙ্গে প্রায় ৫০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়, মোবাইল ফোন ও টাকাপয়সা ছিনতাই হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।

এই ঘটনাটি ঘটেছে গত ১১ জুলাই (শুক্রবার) দুপুর ১২ টা ও রাত ৯টার দিকে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়া বাজার এলাকায়। এতে মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তাঁর অনুসারী নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে অপর মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনের অনুসারীদের বিরুদ্ধে।

মামলার বাদী আজিজার রহমান ভুট্টু বলেন, “এটি কোনো সাধারণ হামলা নয়, এটি আমাদের সাংগঠনিকভাবে ধ্বংস করার পরিকল্পিত চেষ্টা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ ও আহ্বান জানাচ্ছি ।”

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন,
“লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *