নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গসহ আন্তর্জাতিক অঙ্গনে সাহিত্যচর্চার মাধ্যমে পরিচিতি লাভ করছেন তরুণ লেখক শাম্মী তুলতুল। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই লেখক ছোটবেলা থেকেই লেখালেখি, নাচ, গান ও আবৃত্তির প্রতি গভীর আগ্রহী ছিলেন। সময়ের সঙ্গে সেই আগ্রহই রূপ নিয়েছে পেশাদার সাহিত্যচর্চায়। বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত লেখক, ঔপন্যাসিক, গল্পকার ও শিশুসাহিত্যিক হিসেবে পরিচিত।
শুধু সাহিত্যেই সীমাবদ্ধ নন শাম্মী তুলতুল। তিনি একাধারে রেডিও অনুষ্ঠান পরিচালক, সংবাদ পাঠিকা, সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট, ভয়েস প্রেজেন্টার এবং দাবা খেলোয়াড় হিসেবেও কাজ করছেন। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে তার লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে। পাশাপাশি সরকারি শিশু-কিশোর পত্রিকা ‘শিশু’ ও ‘নবারুণ’-এও তার সৃজনশীল লেখালেখি পাঠকের প্রশংসা কুড়িয়েছে। দেশের সীমানা পেরিয়ে জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও ফ্রান্সের বাংলা পত্রিকাতেও নিয়মিত লিখে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
সমৃদ্ধ পারিবারিক ঐতিহ্যের উত্তরাধিকারী শাম্মী তুলতুল। তার দাদা আব্দুল কুদ্দুস মাস্টার ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন নেতা এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাল্যবন্ধু। তার বাবা আলহাজ্ব আবু মোহাম্মদ খালেদ একজন শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা এবং মা কাজী রওশন আক্তার সমাজসেবায় সক্রিয়ভাবে যুক্ত।
এ পর্যন্ত শাম্মী তুলতুলের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। ২০২২ সালের কলকাতা বইমেলায় তার গল্পগ্রন্থ ‘নরকে আলিঙ্গন’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। ২০২৩ সালে প্রকাশিত তার ১৭তম গ্রন্থ ‘গল্পে স্বপ্নে জিবরাইল (আঃ)’ও পাঠকদের নজর কাড়ে। এছাড়া তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘চোরাবালির বাসিন্দা’, ‘পদ্মাবতী ও মনজুয়ারি’, ‘ভূত যখন বিজ্ঞানী’, ‘গণিত মামার চামচ রহস্য’ এবং ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’। তার গল্প অবলম্বনে দীপ্ত টিভিতে নাটক প্রচারিত হয়েছে এবং সিটি এফএম-এ সম্প্রচারিত হয়েছে ‘লাল শরবত’।
সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে দেশ-বিদেশে তিনি অর্জন করেছেন বহু সম্মাননা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড (ভারত), সোনার বাংলা সাহিত্য সম্মাননা এবং রোটারি সম্মাননা। সম্প্রতি ২০২৬ সালে তিনি ‘রফিকুল হক দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার’ এবং ‘সেরা লেখক সম্মাননা’ লাভ করেছেন।
সম্প্রতি একটি ম্যাগাজিনের কভার মডেল হিসেবে বেগম রোকেয়ার চরিত্রে অংশগ্রহণ করেন শাম্মী তুলতুল। এ বিষয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন,
“বেগম রোকেয়া আমাদের আদর্শ। তার চরিত্রে মডেল হতে পেরে আমি গর্বিত। লেখালেখির মাধ্যমে বিশ্বে নিজের দেশকে তুলে ধরাই আমার লক্ষ্য।”
ভবিষ্যতে বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে আরও সমৃদ্ধভাবে উপস্থাপন করাই তার স্বপ্ন—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন এই প্রতিভাবান লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *