অনিল রায়,ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভাঙাচোরা ঘরে বসবাস করা অসহায় বৃদ্ধা কছিরন বেওয়ার জীবনে এসেছে নতুন আশার আলো। Anil Fulbari ফেসবুক পেজে তার মানবেতর জীবনযাপনের ভিডিও সংবাদ প্রকাশিত হলে বিষয়টি দ্রুতই সাড়া তোলে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি নজরে পড়ে মানবিক সংগঠন আর্ন এন্ড লিভ (Earn N Live)-এর সদস্যদের।
সংগঠনটির উদ্যোগে কয়েক দিনের মধ্যেই কছিরন বেওয়ার জন্য নির্মাণ করা হয় একটি নতুন ঘর। শনিবার নবনির্মিত ঘরটির উদ্বোধন করেন আর্ন এন্ড লিভের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী। এ সময় তিনি কছিরন বেওয়ার হাতে ঘরটির চাবি তুলে দেন।
ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের নাগদাহ গ্রামে বসবাস করা কছিরন বেওয়া জানান, বহুদিন ধরে ভাঙা চুরা ঘরে দুঃখ-কষ্টে দিন কাটাতেন তিনি। নতুন ঘর পেয়ে তার মুখে ফুটে ওঠে আনন্দ। তিনি মোহাম্মদ আলী ও Earn N Live সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের মঙ্গল কামনা করেন।
মোহাম্মদ আলী বলেন,
“মানবতার সেবা আমাদের কাজ। সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সামান্য সহায়তা করতে পারলেই আমরা নিজেদের ধন্য মনে করি।”
স্থানীয় বাসিন্দারা জানায়, নতুন ঘরটি শুধু একটি নির্মাণ নয়—এটি অসহায় এক বৃদ্ধার জীবনে নিরাপদ আশ্রয়ের প্রতীক। সামাজিক যোগাযোগমাধ্যমে এ মানবিক উদ্যোগের ব্যাপক প্রশংসা জানাচ্ছেন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *